Facebook Twitter Instagram YouTube

প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ /
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এই আদেশ দেন। এর আগে গত ১২ জুলাই একই মামলায় তার জামিন আবেদন খারিজ করেছিলেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আলমগীর হোসাইন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৮ জুন বৃহস্পতিবার আহমেদ জোবায়ের আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী বর্তমানে জামিনে রয়েছেন। মামলার সমন উপেক্ষা করায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

সৈয়দ আসাদুজ্জামান গত ১০ মে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিনই আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। নির্ধারিত তারিখে আসামিরা হাজির না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh