
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ওঠা গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, তাদের দল এখনো এই জোটের সাথেই রয়েছে।
মাওলানা মুসা বিন ইযহার বলেন, ১১ দলীয় ঐক্য থেকে নেজামে ইসলাম পার্টি বেরিয়ে যাচ্ছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও জানান, খেলাফত মজলিস জোট থেকে সরে যাওয়ার বিষয়টি তারা শুনেছেন, তবে নেজামে ইসলাম পার্টি আগের মতোই এই ঐক্যে বহাল আছে।
এর আগে শনিবার রাজধানীর কাকরাইলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ সভায় জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ দলীয় ঐক্যের ভিত্তি ছিল কেবল নির্বাচনি সমঝোতা। যেহেতু নির্বাচন শেষ হয়েছে, তাই এই সমঝোতার কার্যকারিতাও শেষ হয়ে গেছে। তবে ভবিষ্যতে দেশ ও ইসলামের প্রয়োজনে বৃহত্তর ঐক্যের ডাক আসলে তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে।
উল্লেখ্য যে, গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর থেকেই খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দিয়েছিল যে, ভবিষ্যতে কোনো সমাবেশে তাদের নাম বা ব্যানার যেন ব্যবহার না করা হয়। এরপর রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহারের ঘটনায় তারা পুনরায় আপত্তি জানায়। এদিকে খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসের বিদায়ের পর জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নেজামে ইসলাম পার্টির বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বলেন, দলটির জোট ছাড়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
আপনার মতামত লিখুন :