
নিজস্ব প্রতিবেদক, হ্যালো নরসিংদী | ১ নভেম্বর ২০২৫
আজ ১লা নভেম্বর, নরসিংদী পৌরসভার দুইবার নির্বাচিত মেয়র এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম লোকমান হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে রাতের অন্ধকারে দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এই জনপ্রিয় জননেতা।
নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে লোকমান হোসেন ছিলেন এক সাহসী, কর্মীবান্ধব ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর অকালে মৃত্যুতে জেলার রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ঘটনাস্থল ছিল জেলা আওয়ামী লীগ কার্যালয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০১১ সালের ১ নভেম্বর রাতে বৈঠক চলাকালে হঠাৎ করে দুর্বৃত্তরা প্রবেশ করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন মেয়র লোকমান হোসেন, পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ছোট ভাই মো. কামরুজ্জামান কামরুল বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘ ১৪ বছর পার হয়ে গেলেও মামলার বিচার প্রক্রিয়া আজও ধীরগতিতে চলছে। বর্তমানে সকল আসামিই জামিনে রয়েছে বলে জানা গেছে, যা জনমনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, লোকমান হোসেনের নেতৃত্ব ছিল উন্নয়ননির্ভর ও জনবান্ধব। পৌরবাসীর মধ্যে তাঁর জনপ্রিয়তা এতটাই ছিল যে, দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার মাত্র আট মাসের মাথায় তাঁকে হত্যা করা হয় — যা তৎকালীন নরসিংদীর রাজনীতিতে গভীর আলোড়ন তোলে।
মরহুম লোকমান হোসেনের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন সময় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন থাকলেও পরিবর্তনের এই সময় তেমন কোন কর্মসূচি চোখে পড়েনি।
আপনার মতামত লিখুন :