Facebook Twitter Instagram YouTube

শিবপুরে মনজুর এলাহীর আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শত হাফেজের কোরআন খতম


Md. Zubaer Hossain প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ /
শিবপুরে মনজুর এলাহীর আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  শত হাফেজের কোরআন খতম

নরসিংদী প্রতিনিধি | হ্যালো নরসিংদী

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নরসিংদীর শিবপুরে দিনব্যাপী কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মনজুর এলাহীর আয়োজনে এবং তাঁরই প্রতিষ্ঠিত শেরপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।

দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় একশ’ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। সকালে কোরআন খতমের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এবং শেষাংশে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল।

 

দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ, তাঁর সুস্থ ও দীর্ঘায়ু কামনা ছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক স্থিতিশীলতার জন্যও বিশেষ দোয়া করা হয়।

 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে আয়োজক আলহাজ্ব মনজুর এলাহী বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় এ ক্ষুদ্র আয়োজন করেছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এই কামনা।”