Facebook Twitter Instagram YouTube

অবশেষে দেশে ফিরলেন হরমুজ প্রণালিতে আটকে পড়া ১৭ নাবিক


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ণ /
অবশেষে দেশে ফিরলেন হরমুজ প্রণালিতে আটকে পড়া ১৭ নাবিক

প্রায় চার মাস হরমুজ প্রণালিতে অবরুদ্ধ থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ১৭ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন। তারা দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টা ৪২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাজের বাকি ১৪ নাবিক মালয়েশিয়া হয়ে আরও কিছু দিন পর দেশে ফিরবেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের সময় হরমুজ প্রণালিতে আটকা পড়েছিল বাংলাদেশের পতাকাবাহী এই জাহাজটি। প্রায় ৩ মাস ২৫ দিন অবরুদ্ধ থাকার পর গত ২৩ জুন রাতে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে। দেশে ফিরে বিমানবন্দরের টার্মিনালে সংবাদ সম্মেলনে জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম তাদের দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, যুদ্ধের সময় জাহাজের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছিল এবং পাশে জাহাজ ডুবে যাচ্ছিল। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তারা জাহাজ ছেড়ে যাননি, যদিও সরকারের পক্ষ থেকে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

ক্যাপ্টেন শফিকুল ইসলাম আরও জানান, জেবেল আলী বন্দরে অবস্থানকালে তাদের পাশের বার্থে একটি ক্ষেপণাস্ত্র হামলা হলে তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। ওই ট্যাংকারে ৪০টি তেলবাহী ট্যাংকের যেকোনো একটি বিস্ফোরিত হলে তাদের জাহাজেও আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। জাহাজের তৎকালীন কমান্ডিং অফিসার প্রণয় কৃষ্ণ সেন জানান, সে সময় স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে জাহাজ চালাতে হয়েছিল তাদের। সমুদ্র এলাকায় মাইন থাকায় সামান্য বিচ্যুতিতেও বিস্ফোরণের ঝুঁকি ছিল।

বিমানবন্দরে নাবিকদের পৌঁছানোর পর বিএসসি কর্মকর্তারা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। টার্মিনালের বাইরে স্বজনদের সঙ্গে নাবিকদের এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন শফিকুল ইসলাম তাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন এবং দেশবাসীর দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh