Facebook Twitter Instagram YouTube

৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা প্রধান তেবাস


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ণ /
৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা প্রধান তেবাস

২০৩০ সালের বিশ্বকাপ ৬৪টি দল নিয়ে আয়োজনের বিষয়ে ফিফার আলোচনাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই উদ্যোগকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন তিনি।

ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে’ দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও কঠোর সমালোচনা করেন তেবাস। তিনি বলেন, প্রায় এক দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি পরিচালনা করছেন ইনফান্তিনো। তবে যে ব্যবস্থার ওপর ভর করে তিনি ক্ষমতায় টিকে আছেন, সেখানে বড় ধরনের ত্রুটি রয়েছে। লা লিগা প্রধানের মতে, ফুটবলে ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের দিকে চলে এসেছে।

ফুটবলকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ঘরোয়া লিগগুলোর গুরুত্ব তুলে ধরে তেবাস বলেন, বিশ্বকাপ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ফুটবল বলতে কেবল বিশ্বকাপকে বোঝায় না। মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য ফিফা পুরো ফুটবল শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অথচ এই ফুটবল লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, যেখানে বিশ্বকাপে খেলার সুযোগ পান সাকল্যে গুটিকয়েক খেলোয়াড়।

২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা সভাপতি ২০৩০ সালের আসরে দলসংখ্যা বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনার কথা প্রথম প্রকাশ্যে আনেন।

আন্তর্জাতিক ম্যাচের অতিরিক্ত চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাভিয়ের তেবাস আরও যোগ করেন, আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে তাঁরা বারবার উদ্বেগ জানিয়ে আসছেন। এর মধ্যেই আবার ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পাঁয়তারা চলছে। ফিফার বোঝা উচিত যে, বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোই মূলত ফুটবলকে বাঁচিয়ে রাখে। তাই জাতীয় দলের ম্যাচ কমিয়ে সব স্তরের ঘরোয়া ফুটবলকে আরও সুরক্ষা দেওয়া প্রয়োজন বলে মনে করেন লা লিগা সভাপতি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor