
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬’ পালন করা হয়েছে। এই কর্মসূচি উপলক্ষে স্থানীয় আলহাজ ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে সাত শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। বিশেষ অতিথি হিসেবে এতে অংশ নেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আলহাজ ধনাই বেপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী।
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের সাত শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এসময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আলহাজ ধনাই বেপারী ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :