
যশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’–এর গান ‘তাবাহি’ প্রকাশের পর থেকেই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এই বিতর্কের মধ্যেই এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী কাজল আগরওয়াল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, অন্তরঙ্গ দৃশ্য বা খোলামেলা পোশাকে অভিনয় করতে তিনি কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তার মতে, এটি তার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই নীতির কারণে ক্যারিয়ারে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমার প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন। তিনি মনে করেন, একজন শিল্পীর নিজের সীমারেখাকে সম্মান জানানো উচিত। কোনো চরিত্রের প্রয়োজনে ব্যক্তিগত নীতির বাইরে গিয়ে কাজ করার প্রয়োজন তিনি কখনো অনুভব করেননি।
কাজল আরও বলেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা বা না করা সম্পূর্ণ একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে কাউকে বিচার করা ঠিক নয়। একই সঙ্গে তিনি নারী ও পুরুষ অভিনেতাদের প্রতি দর্শকের ভিন্ন দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তার মতে, একই ধরনের দৃশ্যে অভিনয় করলেও নারী শিল্পীরা তুলনামূলক বেশি সমালোচনার মুখে পড়েন, যা মোটেও ন্যায্য নয়।
মাতৃত্বের পর নিজের সিদ্ধান্তের বিষয়ে আরও সচেতন হয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ভবিষ্যতে তার ছেলে যখন তার সিনেমা দেখবে, তখন যেন কোনো দৃশ্য তাকে অস্বস্তিতে না ফেলে—সে বিষয়টি মাথায় রেখেই তিনি এখন চরিত্র নির্বাচন করেন।
প্রসঙ্গত, ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ছবির অভিনেতা বেনেডিক্ট গ্যারেটও প্রশ্ন তুলেছেন, একই দৃশ্যে অভিনয় করেও কেন নারী অভিনেত্রীরাই বেশি সমালোচিত হন। আগামী ২৬ আগস্ট মুক্তি পাবে যশ-কিয়ারা অভিনীত ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ এবং আগামী ২৪ জুলাই মুক্তি পাবে কাজল আগরওয়াল অভিনীত ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ সিনেমাটি।
আপনার মতামত লিখুন :