
দেশজুড়ে বর্তমানে ৩৮৬টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে পুলিশের সাম্প্রতিক তালিকায় উঠে এসেছে। এই গ্যাংগুলোর সঙ্গে জড়িত সদস্য সংখ্যা সোয়া ৪ হাজারের বেশি। অপরাধমূলক কর্মকাণ্ডের তালিকায় থাকা এই গ্যাংগুলোর মধ্যে ১৫৯টি রাজধানী ঢাকায় এবং ২২৭টি ঢাকার বাইরে বিভিন্ন মহানগর ও জেলায় কার্যক্রম চালাচ্ছে।
কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার, হামলা, দখল এবং আধিপত্য বিস্তারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে আধিপত্য বজায় রাখতে গিয়ে গ্যাংগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, এমনকি প্রাণহানির মতো ঘটনাও দেখা যাচ্ছে।
পুলিশ সদরদপ্তরের তথ্যানুযায়ী, ঢাকার বাইরের ২২৭টি গ্যাংয়ে মোট সদস্য রয়েছে ২ হাজার ৫৫০ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে সবচেয়ে বেশি ৯৮টি গ্যাং সক্রিয়। অন্যান্য মহানগরগুলোর মধ্যে রাজশাহীতে ১৩টি, সিলেটে ১৫টি, খুলনায় ৭টি এবং গাজীপুর মহানগরে ১৩টি গ্যাং রয়েছে। জেলা পর্যায়ে নোয়াখালীতে সর্বোচ্চ ২৫টি কিশোর গ্যাং সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবমতে, রাজধানীর ১৫৯টি কিশোর গ্যাংয়ের সদস্য সংখ্যা ১ হাজার ৮১২ জন। এর মধ্যে মোহাম্মদপুর এলাকায় সবচেয়ে বেশি ২৭টি গ্যাং রয়েছে, যেখানে সদস্য সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়েছে। এছাড়া পল্লবী থানা এলাকায় ১৬টি গ্যাংয়ের সক্রিয়তা লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :