
মক্কা চুক্তির বিষয়ে সবদিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, বাংলাদেশও নিজস্ব নীতি অনুযায়ী চলবে। তিনি মন্তব্য করেন, 'ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।'
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কি না, সেটিই মূল বিষয় নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিচার বিভাগের ডিজিটালাইজেশন বা ই-জুডিশিয়ারি বাস্তবায়নের অগ্রগতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, সরকার ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :