Facebook Twitter Instagram YouTube

সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ /
সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত থাকার পরও কিছু দুষ্কৃতকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার হলরুমে আয়োজিত পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যারা এই সংকট সৃষ্টির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন।

মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও কৃষি উপকরণ বিতরণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফরিদপুর অঞ্চলের মাটির গুণাগুণ অত্যন্ত ভালো হওয়ায় অন্যান্য এলাকার তুলনায় এখানে কম সার ব্যবহার করেই ভালো ফলন পাওয়া সম্ভব। এ কারণে পেঁয়াজ ও পাট চাষের জন্য অঞ্চলটি বেশ উপযোগী। আগামী দিনে পেঁয়াজ ও পাট বীজ উৎপাদন করে দেশকে স্বাবলম্বী করার জন্য সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস হোসেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৃহত্তর ফরিদপুরের পেঁয়াজ ও পাটচাষিরা সভায় অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy