
গাজীপুরের কালীগঞ্জে জমি দখল, চাঁদাবাজি, হামলা, মাদক কারবার, মামলা দিয়ে হয়রানি এবং কৃষিজমি বালু দিয়ে ভরাটের মতো গুরুতর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী ও স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন দুবাইপ্রবাসী আলমগীর কবিরের ভাই ইকবাল আহমেদ, ভুক্তভোগী বায়েজিদ হাসান শিবলীর ভাই মুজাহিদুল ইসলাম এবং আলমগীরের ভাতিজা জাহিদুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু এবং তার দুই ভাই আনিসুর রহমান রিপন ও সোহেলের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে অভিযুক্তরা জমি দখল, চাঁদা দাবি, হাট ও নির্মাণকাজ নিয়ন্ত্রণ, কৃষিজমি বালু দিয়ে ভরাট এবং মামলা দিয়ে হয়রানির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মানববন্ধনে দুবাইপ্রবাসী আলমগীর কবিরের প্রায় চার বিঘা জমি দখলের অভিযোগটি বিশেষভাবে তুলে ধরা হয়। এছাড়া মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বায়েজিদ হাসান শিবলীকে মারধর এবং ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগের বিষয়েও তদন্ত দাবি করেন তার স্বজনরা।
ভুক্তভোগীরা এসব অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগকারী ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :