Facebook Twitter Instagram YouTube

মাধবপুরে জাতীয় চার নেতার ম্যুরাল অপসারণ, মুক্তিযোদ্ধাদের তীব্র ক্ষোভ


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ /
মাধবপুরে জাতীয় চার নেতার ম্যুরাল অপসারণ, মুক্তিযোদ্ধাদের তীব্র ক্ষোভ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ম্যুরাল অপসারণের ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত মে মাসে সংস্কারকাজের সময় ম্যুরালটি সরিয়ে ফেলা হলেও ঠিক কার নির্দেশে বা কার দায়িত্বে এটি অপসারণ করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ম্যুরাল অপসারণের বিষয়টি সম্প্রতি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার সূত্রপাত হয়েছে।

প্রায় ১০ বছর আগে সরকারি উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে জাতীয় চার নেতা—তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানের ছবি সংবলিত একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল। জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধারা সেখানে শ্রদ্ধা নিবেদন করতেন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের দায়িত্ব পালনকারী জাতীয় এই চার নেতার স্মৃতি সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব, আর তাদের ম্যুরাল অপসারণের বিষয়টি কোনোভাবেই কাম্য নয়।

মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, “জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ম্যুরালটি স্থাপন করেছিল। এখন সরকারের নির্দেশে সেটি সরানো হয়েছে বলে আমরা শুনেছি। আমরা এ ধরনের কাজকে সমর্থন করি না।”

ম্যুরাল অপসারণের বিষয়ে জানতে চাইলে মাধবপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না এবং মুক্তিযোদ্ধারা এ ব্যাপারে ভালো বলতে পারবেন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানিয়েছেন, উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্তে ম্যুরালটি অপসারণ করা হয়নি এবং নতুন ম্যুরাল তৈরির ক্ষেত্রেও তাদের কোনো সিদ্ধান্ত নেই। এদিকে, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারকে স্পষ্ট করে বলতে হবে তারা এই ধরনের কর্মকাণ্ড সমর্থন করে কি না এবং তারা মহান মুক্তিযুদ্ধের আদর্শকে সম্মান ও লালন করে কি না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin