Facebook Twitter Instagram YouTube

১৭ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক অবহেলা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ / ০ Views
১৭ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক অবহেলা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চরম অবহেলার শিকার করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের চিকিৎসা সেবা, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা এবং সুযোগ-সুবিধার বিষয়টি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশ কিছু সমস্যা সরেজমিনে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। হাসপাতালের একটি জেনারেটর পাঁচ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে থাকার বিষয়টি নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং জেনারেটরটি দ্রুত পরীক্ষা করে সচল করার নির্দেশ দেন।

সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে নতুন কোনো ডাক্তার নিয়োগ দেওয়া হয়নি, শয্যা সংখ্যা বাড়ানো হয়নি এবং নতুন ভবনও নির্মাণ করা হয়নি। স্বাস্থ্য খাতের বিভিন্ন শাখায় অনিয়ম ও চরম অবহেলা হয়েছে। তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে জনসংখ্যা অনুপাতে হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগীর চাপ অনেক বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে শয্যার বাইরে রোগীদের থাকতে হচ্ছে, যা খাবারের ব্যবস্থাপনাসহ অন্যান্য সেবার ক্ষেত্রেও চাপ সৃষ্টি করছে।

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের অপ্রতুলতার বিষয়টি স্বীকার করে মন্ত্রী জানান, ইতোমধ্যে পাঁচজন চিকিৎসক পদায়ন করা হয়েছে এবং তারা যোগদানের পর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক দেওয়া হবে। এছাড়া হবিগঞ্জ মেডিকেল কলেজে ৫০টি এবং সদর হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন দেওয়ার ঘোষণা দেন তিনি। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই সুবিধা বাড়ানো হবে, যাতে বড় শহরগুলোর হাসপাতালের ওপর রোগীর চাপ কমে।

ইউনিয়ন পর্যায়ের হাসপাতালগুলোতেও চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে তিনি জানান। পরিদর্শনের সময় হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার ও হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাভেদ জিল্লুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din