
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার যে বাতাস শোনা যাচ্ছে, তা কেবল দুটি জায়গায় সীমাবদ্ধ—একটি সোশ্যাল মিডিয়া, অন্যটি ভারত। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার বা আসার কোনো সুযোগ নেই। এই স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরে আসার কোনো পথ নেই।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি খাতের বর্তমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম বলেন, যদি অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী স্বীকার করেন যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তবে এই খাতগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি আরও বলেন, দায়ভার শুধু একজন মন্ত্রীর নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। তিনি যদি দেখেন যে কোনো মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় চালাতে পারছেন না, তবে অবশ্যই তাকে অপসারণ করতে হবে। ব্যর্থতার নাটক দেখে চুপ করে বসে থাকলে প্রধানমন্ত্রীও এই দায় এড়াতে পারবেন না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে সারজিস বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেন তার মন্ত্রণালয়ের দিকে একটু নজর দেন। তিনি বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তার নজর থাকছে না। তিনি তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :