Facebook Twitter Instagram YouTube

র‍্যাবের নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণে ১৭২ কোটি টাকার অনুমোদন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ /
র‍্যাবের নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণে ১৭২ কোটি টাকার অনুমোদন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণের জন্য ১৭১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৭৬৪ টাকা ব্যয়ের একটি প্রকল্পের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক উত্থাপিত ‘র‍্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে গণপূর্ত অধিদপ্তর। দরপত্রের আনুষ্ঠানিকতা শেষে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে এই কাজটি প্রদানের প্রস্তাবটি বৈঠকে অনুমোদন করা হয়েছে।

প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব ২০১৯ সালের ১৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পের নকশা অনুযায়ী, ১৫ তলা ভিত্তির ওপর ১১ তলা বিশিষ্ট র‍্যাব সদর দপ্তর ভবন নির্মিত হবে। ভবনটিতে মহাপরিচালকের কার্যালয়, নিচতলায় গাড়ি পার্কিং এবং তিনটি ভূগর্ভস্থ তলাসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা থাকবে। এছাড়া প্রকল্পের অংশ হিসেবে তিনতলা বিশিষ্ট ম্যাগাজিন ও কোট ভবন, উপকেন্দ্র ভবন, গুদাম, পাম্প ও জলাধার, গভীর নলকূপ এবং পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, এই অবকাঠামোয় অভ্যন্তরীণ সড়ক, গাড়ি ধোয়ার ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, সালামি মঞ্চ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বৈদ্যুতিক ও যান্ত্রিক অবকাঠামো এবং স্থানীয় নেটওয়ার্ক সংযুক্ত থাকবে। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে র‍্যাব সদর দপ্তরের জন্য একটি আধুনিক ও সমন্বিত অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin