Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশে অফিস খোলার আহ্বান বিটিআরসির, গুগলের সঙ্গে নানা বিষয়ে আলোচনা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ /
বাংলাদেশে অফিস খোলার আহ্বান বিটিআরসির, গুগলের সঙ্গে নানা বিষয়ে আলোচনা

বাংলাদেশে ব্যবসা ও সেবা কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় অফিস স্থাপনের জন্য গুগলকে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)-এর সঙ্গে গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পলিসি প্রধান কাইল গার্ডনারের বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশে গুগলের বিভিন্ন সেবা বিস্তৃত করা, স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালু এবং অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বিটিআরসির সঙ্গে নিয়মিত সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন গুগল প্রতিনিধি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতার বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বেশ কিছু প্রস্তাব দেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশে গুগলের এআই মডেলের ল্যাব স্থাপন, স্থানীয় প্রকৌশলীদের এআই বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং দেশীয় স্টার্টআপগুলোর উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর উদ্যোগ।

বিটিআরসির এসব প্রস্তাবের জবাবে কাইল গার্ডনার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনের বিষয়ে তিনি জানান, বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ভবিষ্যতে এই বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন তিনি।

আলোচনায় গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট, বেটিং, জুয়া এবং অবৈধ আর্থিক কার্যক্রমের প্রচারণা দ্রুত শনাক্ত ও বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য গুগলকে তাগিদ দেওয়া হয়। এসব কনটেন্ট শনাক্তকরণে এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ওপর জোর দেন বিটিআরসি চেয়ারম্যান। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে গুগলের সহযোগিতা বাড়ানোর পরামর্শ দিলে কাইল গার্ডনার এতে ইতিবাচক সাড়া দেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh