
সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি ও ভিডিওর মাধ্যমে ছড়ানো গুজব মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুক। জালিয়াতি ও প্রতারণা রোধে প্রকৃত ব্যবহারকারী শনাক্তকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ প্রদানের প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। এনগ্যাজেটের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই সুবিধা পাওয়ার জন্য ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভেরিফায়েড ব্যাজটি মূলত ব্যবহারকারী একজন প্রকৃত মানুষ কি না, তা নিশ্চিত করবে। তবে এটি মেটার বিদ্যমান সাবস্ক্রিপশন সার্ভিস 'মেটা ভেরিফায়েড' থেকে সম্পূর্ণ আলাদা এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এই ব্যাজটি প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়ে প্রদর্শিত হবে।
বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীকে কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টের অবস্থা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক থাকতে হবে। এছাড়া অ্যাকাউন্টে কোনো ধরনের প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের রেকর্ড থাকা যাবে না। পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সেলফি ভিডিওটি ব্যবহারকারীর প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে।
ফেসবুক স্পষ্টভাবে জানিয়েছে যে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না; এটি কেবল পরিচয় যাচাইয়ের একটি প্রমাণ। তাই অনলাইনে কোনো লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মেটা এই পরিষেবাটি ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করবে, যদিও শুরুতে কোন দেশে এটি পাওয়া যাবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি।
আপনার মতামত লিখুন :