Facebook Twitter Instagram YouTube

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ /
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেভাবে আমাদের শেখার পদ্ধতি, কাজের ধরন এবং চিন্তার জগতকে দ্রুত বদলে দিচ্ছে, সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ‘টেনএক্স মাইন্ডস ইন দ্য এজ অব এআই: আর ইউ রেডি?’ শীর্ষক এই সেমিনারটি আয়োজন করা হয়। মিলিয়নএক্স বাংলাদেশ এবং আইআইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স কমিউনিটি (আইআইটিএসইসি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সেমিনারে উপস্থিত বক্তারা বর্তমান শিল্প ও কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং এর ফলে উদ্ভূত চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মিলিয়নএক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও ডেটাসফট লিমিটেডের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ শিল্পক্ষেত্রে এআই-এর ক্রমবর্ধমান প্রভাব এবং ভবিষ্যতে কোন ধরনের দক্ষতার চাহিদা বাড়বে, তা তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে কর্মক্ষেত্রের যে পরিবর্তন আসছে, তার জন্য তরুণ প্রজন্ম এবং দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থা কতটা প্রস্তুত, তা গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে।

মিলিয়নএক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও ইভিআরকুলের প্রতিষ্ঠাতা আনিস রহমান সেমিনারে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেবল তথ্য জানাই যথেষ্ট নয়, বরং প্রচলিত চিন্তার বাইরে গিয়ে সমস্যা চিহ্নিত করা এবং সৃজনশীল উপায়ে সমাধানের জন্য সঠিক প্রশ্ন করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মানবসম্পদ উন্নয়ন এবং উদ্ভাবন সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেমিনারে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা যেহেতু অনেক প্রশ্নের উত্তর সহজ করে দিচ্ছে, তাই ভবিষ্যতে নতুন ধারণা তৈরির মাধ্যমে জটিল সমস্যার সমাধান করার সক্ষমতাই বড় পার্থক্য গড়ে দেবে। শুধু তথ্য জানা নয়, বরং তথ্য বিশ্লেষণ করে নতুন ধারণা তৈরির মাধ্যমে জটিল সমস্যার সমাধানের সক্ষমতা ভবিষ্যতে বড় পার্থক্য তৈরি করে দেবে বলে সেমিনারে উল্লেখ করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo