
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩১
ইতালির ভেনিসে সফররত অবস্থায় অনাকাঙ্ক্ষিতভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। বর্তমানে তিনি ভেনিসেই অবস্থান করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত পোস্টের মাধ্যমে নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনার কথা জানিয়েছেন।
ঘটনার পর থেকে স্থানীয় পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাঁধনকে পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে। ভেনিস পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং ঘটনার রাতেই তাকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। এছাড়া ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তার সাথে যোগাযোগ করেছেন এবং দূতাবাস থেকে একজন প্রতিনিধি পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, এখানকার পুলিশ তাকে অনেক সহায়তা করেছে এবং ঘটনার রাতেই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তিনি আরও জানান, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নির্দেশে তার কার্যালয় থেকে লোকজন এসেছেন। তিনি বলেন, 'ওনাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে। যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেক জনকে আইডেন্টিফাই করেছি।'
এই কঠিন সময়ে দেশের মানুষ ও সরকারের পক্ষ থেকে পাওয়া ভালোবাসায় আবেগপ্লুত এই অভিনেত্রী। তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে। সহায়তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাঁধন বলেন, 'প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশী।'
আপনার মতামত লিখুন :