
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে এক অভিনব কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর বাংলামোটরে একটি বিশেষ ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন করা হবে এবং একইসঙ্গে গণভিক্ষা কর্মসূচিও চালু করা হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির কথা জানান। তার এই ঘোষণা একই দিনে একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।”
তিনি আরও জানান, চাঁদাবাজি বন্ধ ও তা প্রতিরোধের উদ্দেশ্যে সোমবার বিকেল ৪টায় বাংলামোটরে এই ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে। এনসিপির এই নেতা তার কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, “দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।”
তার পোস্ট অনুযায়ী, বাংলামোটরকে কর্মসূচির স্থান এবং বিকেল ৪টাকে দানবক্স উন্মোচনের সময় হিসেবে নির্দিষ্ট করা হয়েছে।
আপনার মতামত লিখুন :