
ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি।
ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, হত্যা, মসজিদ-মাদ্রাসায় হামলা ও ধর্মীয় নিপীড়নের অভিযোগে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নরসিংদী তানজিমুল মাদারিসিল কওমিয়া ও জেলা ইমাম পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
জানা যায়, জুমার নামাজ শেষে নরসিংদী পৌরসভা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
পরে রেলস্টেশন এলাকায় অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী তানজিমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার। বক্তারা অভিযোগ করে বলেন, ভারতে মুসলমানদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে। মসজিদ-মাদ্রাসা ভাঙচুর, মুসলিম বসতিতে হামলা এবং ধর্মীয় স্বাধীনতায় বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের সময়ে দেশটির মুসলমানরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তারা বিশ্ব মানবাধিকার সংস্থা ও মুসলিম দেশগুলোর প্রতি এ বিষয়ে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুসলমানদের ওপর নির্যাতন ও ধর্মীয় নিপীড়ন বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চ কর্মসূচিও দেওয়া হতে পারে বলে উল্লেখ করেন তারা।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার বলেন, “ভারতে মুসলমানদের ওপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানানো জরুরি।”
তিনি আরও বলেন, “মুসলিম উম্মাহ আজ কঠিন সময় অতিক্রম করছে। মুসলমানদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতী রবিউল ইসলাম, মাওলানা নুরুল কবির গাজীপুরী, মুফতি শফিউল্লাহ, মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, মুফতী শফিকুল ইসলাম, মুফতি নুর মোহাম্মদ, মুফতি অলিউল্লাহ, মাওলানা আলী হোসেন ও মুফতী সানাউল্লাহসহ আরও অনেকে।
মুফতি নুরুল হুদার সঞ্চালনায় সমাবেশ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :