Facebook Twitter Instagram YouTube

পরিবেশ রক্ষায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ /
পরিবেশ রক্ষায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান

দেশের নাগরিক হিসেবে পরিবেশ সংরক্ষণে সবার দায়িত্ব রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা যদি সবাই সবার দায়িত্ব পালন করি, তাহলে আমরা একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ পাব।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, আসুন, আমরা আমাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা তো আমাদের সকলের। সকলে মিলে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় কিছু করতে সক্ষম হব।

পরিবেশের বর্তমান অবস্থার দিকে ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, আমাদের চারপাশে ব্যবহার করা টিস্যু, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতলসহ আরও অনেক আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। এতে করে রাস্তায় চলাচলকারী মানুষজন অনেক কষ্ট ভোগ করেন। আমরা যদি নিজেরা একটু সচেতন হই, তাহলে পরিবেশকে সুন্দরভাবে রাখতে পারব।

তিনি আরও যোগ করেন, আমরা যদি আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলি, তাহলে ধীরে ধীরে এই বাংলাদেশকে আবর্জনামুক্ত করা সম্ভব হবে। এভাবেই আমরা একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারব।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy