Facebook Twitter Instagram YouTube

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ /
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির ফলে যুদ্ধের আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার (৩ আগস্ট) এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। এই প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালি দ্রুত ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সমাধানের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। সাধারণত এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল এবং ইরানে নতুন করে হামলার সম্ভাবনা দেখা দিলে বাজারে উদ্বেগ আরও বাড়ে। তবে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পর বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন, যার ফলে তেলের বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব কিছুটা কমেছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin