Facebook Twitter Instagram YouTube

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫ শতাংশ কর ছাড়


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ /
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫ শতাংশ কর ছাড়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে একটি বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন, তারা তাদের পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় সুবিধা পাবেন। এনবিআর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ রোববার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী এই প্রণোদনার সুযোগ তৈরি করা হয়েছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারের করদাতারা এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা বা ছাড় প্রযোজ্য হবে না।

এনবিআর নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে অতিরিক্ত করের নিয়মও স্পষ্ট করেছে। আগামী ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—এই দুইয়ের মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। এছাড়া ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর হিসেবে গণ্য হবে।

করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিলে উৎসাহিত করতে এনবিআর গত ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু করেছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইট (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে ঘরে বসেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। এছাড়া বিকাশ, নগদ, রকেট ও ডেবিট-ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুযোগ রয়েছে। অনলাইনে সেবা গ্রহণে কোনো সমস্যার সম্মুখীন হলে করদাতারা এনবিআরের কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। এনবিআর আশা করছে, এই প্রণোদনা সময়মতো রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করবে এবং কর পরিপালনের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din