
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি স্থাপনা ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার মধ্যে রয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো। প্রাণহানি এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকা থেকে প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
সপ্তাহান্তের এই দাবানলে স্পোকেন ও এর আশপাশের প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ওয়াশিংটন রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া আগুনের তাণ্ডবে মোট প্রায় এক হাজার বর্গকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনসহ বেশ কয়েকটি এলাকায় দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। দাবানলটি ঠিক কী কারণে শুরু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, আইডাহো ও ওরেগন সীমান্তের আরেকটি বড় দাবানলে প্রায় এক হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে। সেখানে ৬০০টির বেশি বাড়ি এবং ৮০০টি অন্যান্য স্থাপনা বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। এছাড়া ইউটাহ অঙ্গরাজ্যেও দাবানলের তীব্রতা বেড়েছে; সপ্তাহান্তে এর বিস্তার দ্বিগুণেরও বেশি বেড়ে ১৪৫ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। ইউটাহর এই অগ্নিকাণ্ডে ১০০টিরও বেশি গবাদিপশু মারা গেছে।
আপনার মতামত লিখুন :