
একটি শিশুর পৃথিবী গড়ে ওঠে তার ঘর, উঠান, স্কুল আর পরিচিত কিছু প্রিয় মুখ নিয়ে। এই ছোট পরিসরেই সে খুঁজে নেয় পরম নিরাপত্তা। তবে যখন কোনো শিশু যৌন সহিংসতার শিকার হয়, তখন কেবল তার শরীরই ক্ষতবিক্ষত হয় না, বরং চেনা মানুষের প্রতি তার বিশ্বাসের ভিতটিও ভেঙে চুরমার হয়ে যায়। পরিচিত মানেই নিরাপদ—এই চিরন্তন ধারণাই তার কাছে তখন মিথ্যা হয়ে দাঁড়ায়। ধর্ষণকে কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ বা আইনি প্রক্রিয়া হিসেবে দেখার সুযোগ নেই; এর শেকড় মূলত আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির গভীরে প্রোথিত।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাম্প্রতিক এক ভয়াবহ পরিসংখ্যান এই নীরবতার সংকটকে আরও স্পষ্ট করে তোলে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে অন্তত ৩০৬ জন মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই সংখ্যাগুলোর ভেতরে লুকিয়ে আছে আরও নির্মম বাস্তবতা—ভুক্তভোগীদের মধ্যে ৪৯ জনের বয়স ছয় বছরের নিচে, ৯৪ জনের বয়স সাত থেকে বারো বছর এবং ১০৩ জন ছিল কিশোরী। এছাড়া এই সাত মাসে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে আরও ১২৯টি ক্ষেত্রে। এই সংখ্যাগুলো কেবল গাণিতিক হিসাব নয়, প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একেকটি শিশুর কান্না ও হারিয়ে যাওয়া শৈশব। লোকলজ্জা, ভয় এবং অপরাধীর সামাজিক প্রতিপত্তির কারণে আরও বহু ঘটনা আড়ালেই থেকে যায়।
আমাদের সমাজ ব্যবস্থায় ক্ষমতা ও লিঙ্গভিত্তিক শিক্ষার একটি বড় ভূমিকা রয়েছে। ছেলেদের যেখানে শেখানো হয় কতৃত্ব করা ও জেদ বজায় রাখা, সেখানে মেয়েদের শেখানো হয় বিপদ এড়িয়ে চলার দায়। কোনো সহিংসতার ঘটনা ঘটলে অপরাধীকে প্রশ্ন করার চেয়ে ভুক্তভোগী কেন সেখানে ছিল, তা নিয়ে বেশি আলোচনা হয়। শিশুর ক্ষেত্রে এই ক্ষমতার অসমতা আরও প্রকট। বড়দের সবসময় মেনে চলার যে সামাজিক শিক্ষা আমরা দিই, তার পাশাপাশি আরেকটি জরুরি শিক্ষা দেওয়া প্রয়োজন। শিশুদের শেখাতে হবে যে, পরিচিত বা প্রিয় কোনো মানুষও যদি তাদের অস্বস্তিকরভাবে স্পর্শ করে, তবে তারা সরাসরি 'না' বলতে পারে। এটি কোনো বিলাসিতা নয়, এটি তাদের বেঁচে থাকার ও সুরক্ষার ভাষা।
বাস্তবতা হলো, অধিকাংশ ক্ষেত্রে যৌন সহিংসতার অপরাধী কোনো অচেনা ব্যক্তি নয়, বরং পরিবারের সদস্য, শিক্ষক, প্রতিবেশী বা কোনো পরিচিত মুখ। যখন চেনা মানুষ অপরাধ করে, তখন সমাজ প্রায়ই সত্য আড়াল করতে চায়। "কাউকে বলবে না", "পরিবারের সম্মান নষ্ট হবে" কিংবা "মানুষ কী বলবে"—এমন নানা কথার বেড়াজালে শিশুকে চুপ করিয়ে দেওয়া হয়। ফলে অপরাধীর চেয়ে শিশুর আচরণই তদন্তের মুখে পড়ে। "কেন চিৎকার করোনি" বা "আগে কেন বলোনি"—এই নিরীহ ধাঁচের প্রশ্নগুলো আসলে অপরাধীর দায়কে লঘু করে দেয়। অথচ জরুরি প্রশ্ন হওয়া উচিত ছিল, কেন একজন প্রাপ্তব্যস্ক মানুষ একটি শিশুর বিশ্বাসের সুযোগ নিল?
এই সংকট থেকে উত্তরণে রাষ্ট্র ও সমাজ উভয়কেই দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র কেবল আইন বা পুলিশ নয়; এটি হলো সেই স্কুল, হাসপাতাল বা থানা যেখানে একটি শিশু তার অভিযোগ নিয়ে যায়। সেখানে গিয়ে শিশুটি যদি আরও বেশি আতঙ্কিত বোধ করে, তবে রাষ্ট্র তার কাছে ভয়ের আরেকটি নাম হয়ে ওঠে। অন্যদিকে, আমাদের পারিবারিক পরিমণ্ডলেও বদল আনা জরুরি। কোনো প্রতিষ্ঠানের সুনাম বা পরিবারের সম্মান যেন একটি শিশুর নিরাপত্তার চেয়ে বড় না হয়ে ওঠে। আমরা শিশুদের ভবিষ্যৎ বলি, কিন্তু তাদের বর্তমান মর্যাদা ও শারীরিক অধিকার রক্ষায় এখনই আমাদের সোচ্চার হতে হবে। একটি শিশু কথা বললে আমরা তাকে থামিয়ে দিই নাকি তার কথা মনোযোগ দিয়ে শুনি—তার ওপরই নির্ভর করে একটি সভ্য সমাজের ভবিষ্যৎ চরিত্র।
আপনার মতামত লিখুন :