Facebook Twitter Instagram YouTube

দুর্গাপূজায় ঝিমলি হয়ে ফিরছেন কৌশানী, জানালেন শুটিংয়ের নানা অভিজ্ঞতা


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ / ০
দুর্গাপূজায় ঝিমলি হয়ে ফিরছেন কৌশানী, জানালেন শুটিংয়ের নানা অভিজ্ঞতা

দীর্ঘ লড়াই ও অবিরাম পরিশ্রমের মাধ্যমে টালিউডের শীর্ষ নায়িকাদের কাতারে নিজের অবস্থান নিশ্চিত করেছেন কৌশানী মুখার্জি। আসন্ন দুর্গাপূজায় ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় ‘ঝিমলি’ চরিত্রে আবারও বড় পর্দায় দেখা যাবে তাকে। সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে তিনি শুটিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা, পরিচালক শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে বোঝাপড়া এবং নিজের জীবনের নানা পরিবর্তনের গল্প তুলে ধরেছেন।

সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে নিজের প্রত্যাশা ও দায়িত্বের কথা বলতে গিয়ে কৌশানী জানান, প্রথম ছবির ক্ষেত্রে চরিত্রটি দর্শকদের কাছে নতুন ছিল, তাই সেটি ফুটিয়ে তোলা বড় চ্যালেঞ্জের ছিল। তবে দ্বিতীয় পার্টে চরিত্রটি মানুষের মনে জায়গা করে নেওয়ায় তার ওপর দায়িত্ব আরও বেড়েছে। চরিত্রটির জন্য তিনি শুটিংয়ের আগে প্রথম পর্বটি বারবার দেখেছেন এবং ভাষার উচ্চারণ রপ্ত করার চেষ্টা করেছেন। এছাড়া গরমের মধ্যে দীর্ঘসময় মেকআপ নিয়ে শুটিং করার কষ্টের কথাও তিনি শেয়ার করেছেন।

পরিচালক শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে কৌশানী জানান, শুটিংয়ের সময় তাদের মধ্যে খুনসুটি ও ঝগড়াঝাটিও হয়। এমনকি একটি হেয়ারস্টাইল নিয়ে ভুল বোঝাবুঝির কারণে তাদের মধ্যে কথা বন্ধ থাকার মতো ঘটনাও ঘটেছে। তবে অভিনয়ের ক্ষেত্রে শিবপ্রসাদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ক্যামেরার সামনে শিবুদা একাই বাজিমাত করে দেন এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মজার ছলে তিনি শিবপ্রসাদকে নিজেকে কিছুটা ‘আপডেট’ করার পরামর্শও দিয়েছেন।

নিজের জীবনের পরিবর্তনের কথা বলতে গিয়ে কৌশানী জানান, ছোটবেলায় তিনি বেশ শান্ত ও লাজুক ছিলেন এবং কথায় কথায় কেঁদে ফেলতেন। কিন্তু অভিজ্ঞতার আলোকে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ভুল দেখলে চুপ থাকেন না। ইন্ডাস্ট্রিতে একসময় কাজের সুযোগ না পেয়ে সমালোচনার শিকার হওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেন, সমালোচনা করা সহজ, কিন্তু কারও জুতোয় পা না গলালে তার যন্ত্রণা বোঝা যায় না। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে এবং তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন।

ব্যক্তিগত জীবনে বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক নিয়ে কৌশানী জানান, বনির সাফল্যে তার কখনোই কোনো ইনসিকিউরিটি কাজ করে না। তারা একে অপরের পাশে থেকে বড় হয়েছেন এবং তিনি চান বনি ইন্ডাস্ট্রির শীর্ষ স্থানে পৌঁছাক। এছাড়া বাবাকে একটি বাড়ি উপহার দিতে পারার আনন্দ এবং বাবাই যে তার সবচেয়ে বড় প্রচারক বা ‘ইন-হাউজ পিআর’, সেই কথাটিও তিনি গর্বের সাথে জানিয়েছেন। আসছে পূজায় সপ্তমী পর্যন্ত সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও অষ্টমীর পর থেকে তিনি ফোন বন্ধ রেখে পরিবারের সাথে সময় কাটাবেন বলে জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh