Facebook Twitter Instagram YouTube

জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ /
জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির একটি নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দিয়ে সোমবার (৬ জুলাই) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

অনুমোদিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন আকন্দ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে সদস্যসচিব করা হয়েছে ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুনুর রশীদকে এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির আহমেদকে।

এছাড়া কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান ও তারিফুল ইসলাম শরীফকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অনন্ত আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকার। পাশাপাশি যুগ্ম সদস্যসচিব (দপ্তর) হিসেবে সজীব ইসলাম এবং যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) হিসেবে লিমন ভূঁইয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।