
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার গোয়ার একটি হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নানা পাটেকার গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। গত ৪ অক্টোবর ডোনা পাউলায় সেই অনুষ্ঠানেই ছিল তার শেষ প্রকাশ্য উপস্থিতি।
অনুষ্ঠানে তাকে সাদা কুর্তা ও সাদা গামছা পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। সেখানে তিনি গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের কাজের ধরন ও রাজনৈতিক কর্মকৌশলের প্রশংসা করেন। উপস্থিত দর্শকদের সামনে নিজের মৃত্যু নিয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন এই অভিনেতা। মারাঠি ভাষায় তিনি বলেছিলেন, 'আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। জানি না, আগামীকাল আমি থাকব কি না। শেষ পর্যন্ত প্রত্যেক মানুষের জীবন সেই জায়গায় পৌঁছাবে। কিন্তু তার আগে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি আমার ইচ্ছামতো কাজ করতে পারছি?'
সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে গোয়ায় নিজের বাসভবনে গুরুতর হৃদ্যন্ত্রের সমস্যার শিকার হন তিনি। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানিয়েছেন, প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।
প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে নানা পাটেকার হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন। তাকে সর্বশেষ বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও’ রোমিও’ সিনেমায় দেখা গেছে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন শহীদ কাপুর, তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি ও দিশা পাটানি।
আপনার মতামত লিখুন :