Facebook Twitter Instagram YouTube

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও দুই জন গ্রেপ্তার


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ / ০
রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও দুই জন গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হলো।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তে ঘটনাস্থলে গ্রেপ্তারকৃতদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলী আকবর হোসেন (৩০) এবং রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল (৫৬)। আলী আকবর নগরীর বহরমপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে এবং দুলাল একই এলাকার আলিমুদ্দিন শেখের ছেলে।

এর আগে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ‘রাজশাহীর আপামর ছাত্র জনতা’ ব্যানারে ৫০-৬০ জনের একটি দল উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে। তারা আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে স্বাক্ষর করতে বাধ্য করেন। এরপর তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। একই পদ্ধতিতে উপাচার্যের ব্যক্তিগত সচিব নাজমুল হাসানকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়। অভিযোগ রয়েছে, এই ঘটনার সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন।

এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর মঙ্গলবার রাতে রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy