
ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার নিজের জন্মদিন উদ্যাপন করলেন একেবারেই ভিন্নভাবে। ৩০তম জন্মদিনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বুকে ৩০০টি ম্যানগ্রোভ গাছ রোপণ করেছেন তিনি। পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এই অভিনেত্রী। সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় তার এই বিশেষ পরিবেশবান্ধব কর্মসূচিটি সম্পন্ন হয়েছে।
নিজের এই উদ্যোগের বিষয়ে রুকাইয়া জাহান চমক বলেন, আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে। সারা জীবন একই কাজ করে মরে যেতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে চমক আরও বলেন, সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ, যা বুক পেতে আমাদের সব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু নানা কারণে আমাদের এই বনের আয়তন ছোট হয়ে আসছে এবং বন্য প্রাণীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তিনি সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যারা তাকে ভালোবাসেন বা অনুসরণ করেন, তাদের কাছে এই বার্তা পৌঁছানোই তার অন্যতম লক্ষ্য ছিল বলে জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :