
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের বহনকারী কফিন শেষ পর্যন্ত মাশহাদে পৌঁছেছে। এর মাধ্যমে ইরান ও প্রতিবেশী দেশ ইরাকের পাঁচটি শহরে ছয় দিন ধরে চলা রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার ইতি টানা হয়েছে। ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্যপূর্ণ এই আয়োজনের শেষ দিনে মাশহাদে বিশাল জনসমাগম লক্ষ্য করা যায়।
শোকযাত্রাটি মাশহাদের প্রধান সড়ক অতিক্রম করে স্বর্ণ গম্বুজবিশিষ্ট ইমাম রেজার মাজারের দিকে অগ্রসর হয়। উল্লেখ্য, মাশহাদ শহরটি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান। শোকযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের অনেকের হাতে ইরানের পতাকা, খামেনির ছবি এবং তার হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
তবে খামেনির ছেলে ও তার উত্তরসূরি হিসেবে বিবেচিত মোজতবা খামেনিকে এখনো জনসমক্ষে দেখা যায়নি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই একই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হয়েছিলেন বলে খবর ছড়িয়েছিল।
আপনার মতামত লিখুন :