Facebook Twitter Instagram YouTube

বিপদসীমার নিচে তিস্তার পানি, স্বস্তি ফিরল তীরবর্তী এলাকায়


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ /
বিপদসীমার নিচে তিস্তার পানি, স্বস্তি ফিরল তীরবর্তী এলাকায়

টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বর্তমানে তা কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে পানি কমে যাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা ও প্লাবনের তাৎক্ষণিক শঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শুক্রবার (১০ জুলাই) সকালে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০৫ মিটার। এটি বিপদসীমার (৫২ দশমিক ১৫ মিটার) চেয়ে ১০ সেন্টিমিটার নিচে। উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নদীর পানি বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

পানির স্তর বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার রাতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছিল। একইসঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের কিছু এলাকাতেও পানি ঢুকে পড়েছিল। এ বিষয়ে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, বৃহস্পতিবার রাতে পানি বিপদসীমা অতিক্রম করলেও শুক্রবার সকাল থেকে তা কমতে শুরু করায় প্লাবিত এলাকা থেকে পানি দ্রুত নেমে যাচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির স্তর বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর পানি আরও কমার সম্ভাবনা রয়েছে এবং সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।