Facebook Twitter Instagram YouTube

সৌদি হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার, ক্ষতিপূরণ ৯ লাখ টাকা


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ / ০
সৌদি হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার, ক্ষতিপূরণ ৯ লাখ টাকা

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইট নম্বর বিএস ৩৬২ যোগে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। ফ্লাইটটি পরদিন ২৩ অক্টোবর শুক্রবার ঢাকা সময় সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

গত ১০ অক্টোবর বিকাল ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন মোঃ শাহেদ আহম্মেদ। তার পিতার নাম মোঃ রফিকুল ইসলাম। শাহেদ আহম্মেদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে।

এদিকে, নিহত শাহেদ আহম্মেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি তার বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদ দূতাবাসের হিসাবে জমা করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। এই অর্থ অতি শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin