Facebook Twitter Instagram YouTube

উয়েফার কঠোর প্রশ্নের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ / ০ Views
উয়েফার কঠোর প্রশ্নের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে তীব্র তোপের মুখে পড়েছেন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাকে লিখিত জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করিয়েছে। বিভিন্ন বিতর্কিত বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইনফান্তিনোকে সব মিলিয়ে ৪২টি প্রশ্ন পাঠানো হয়েছে এবং এসবের উত্তর প্রদানের জন্য আগামী ২ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

গত ১৯ অক্টোবর উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে আট পৃষ্ঠার একটি চিঠি পাঠান, যা ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের হস্তগত হয়েছে। চিঠিতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ প্রকল্পের কার্যক্রম এবং ফিফার সাম্প্রতিক শাসন ও একতরফা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিষয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।

উয়েফার চিঠিতে প্রধানত তিনটি বিতর্কিত বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, ফিফা কাউন্সিলের অনুমোদন ছাড়াই ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশ কুশনারের মালিকানাধীন ‘থ্রাইভ ক্যাপিটাল’-এর কাছে বিশ্বকাপের আংশিক স্বত্ব বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। উয়েফা ফিফার সব ধরনের প্রতিযোগিতা বয়কটের হুমকি দিলে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন ফিফা সভাপতি।

দ্বিতীয়ত, সবশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের পেছনের নিয়ম-কানুন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে এই বিষয়ে টেলিফোনে ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যকার আলাপে কোনো অনৈতিক সুবিধা বা দাবি ছিল কি না, তা স্পষ্ট করতে বলা হয়েছে। এছাড়া, নীতিমালার বাইরে গিয়ে হঠাৎ ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করা এবং তা ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্নের তীর ছোড়া হয়েছে।

উয়েফা তাদের আট পৃষ্ঠার চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছে যে, ফিফা কাউন্সিলে ইনফান্তিনোর দেওয়া মৌখিক ক্ষমা প্রার্থনা বা ব্যাখ্যা কোনোটিই সন্তোষজনক ছিল না। সিদ্ধান্ত গ্রহণের সময় কীভাবে নিয়ম ও কাউন্সিল সদস্যদের পাশ কাটানো হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র গোপন করা হয়েছে, তার লিখিত জবাব দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে হবে। আগামী ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেস ও সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেখানে পুনঃনির্বাচনের পরিকল্পনা করলেও একের পর এক বিতর্ক এবং উয়েফার এই কঠোর অবস্থানের কারণে জিয়ান্নি ইনফান্তিনো বড় ধরনের চাপের মুখে পড়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh