Facebook Twitter Instagram YouTube

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ /
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল করার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছয়জন আটক হয়েছেন। শুক্রবার বিকেলে পৌনে তিনটার দিকে উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের দূর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা থেকে একটি বাস ও দুটি হাইয়েস মাইক্রোবাসে করে ওই যুবকরা এলাকায় আসে। তারা সড়কের ওপর নিষিদ্ধ সংগঠনটির ব্যানার নিয়ে মিছিল করার চেষ্টা করে এবং ককটেল ফাটায়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে ছয়জন আটক হন এবং বাকিরা বাস ও একটি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। উত্তেজিত জনতা আটকদের ব্যবহৃত অপর হাইয়েস মাইক্রোবাসটি ভাঙচুর করে।

বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম জানান, খবর পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের প্রতিহত করা হয়। পরে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের মো. রাজু (২৩), মো. তানজিম (১৪), মো. ওয়ালি ইসলাম (৩২) এবং কিশোরগঞ্জের হোসেনপুর থানার মাদাখোলা গ্রামের মো. রাববি (১৯), মো. ইমন (২০) ও মো. মোবারিছ (২০)।