
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে ইয়াবাসহ রিপন মিয়া নামে এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। সোমবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের তেঁতুলতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মিয়া ভবানীপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে এবং তিনি ইউনিয়ন কৃষক দলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ শাহজাহানের নেতৃত্বে এএসআই সোহরাব হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া পালানোর চেষ্টা করলে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করেন। পরে স্থানীয় ও পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ৫০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
রাত ১০টার দিকে জব্দতালিকা প্রস্তুত করার পর আলামত ও আসামিকে ডিবি হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে রিপন মিয়ার ঠোঁটে সামান্য আঘাত লাগলে তাকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৭: ৩৪আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৭: ৩৫
আপনার মতামত লিখুন :