Facebook Twitter Instagram YouTube

প্রধানমন্ত্রীকে অনুসরণ: ছাত্রলীগ নেতা তানভীর জোমাদ্দার গ্রেফতার


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ / ০ Views
প্রধানমন্ত্রীকে অনুসরণ: ছাত্রলীগ নেতা তানভীর জোমাদ্দার গ্রেফতার

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করার অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম) মিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান। ওই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রলীগ নেতা তানভীরও উপস্থিত ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।

ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ছাত্রলীগ নেতাকে শনাক্ত করে খোঁজা শুরু করেন। পরে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পরিদর্শন চলাকালীন তানভীর পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ডিঙিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন। একপর্যায়ে তিনি অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর বেশ কাছাকাছি পৌঁছে যান।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুটপাত পরিদর্শনের সময় ওই ছাত্রলীগ নেতার অনুসরণের বিষয়টি ভিডিওর মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়ায় তানভীরকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor