Facebook Twitter Instagram YouTube

রিয়াদের সঙ্গে ফের ফ্লাইট চালুর ঘোষণা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ / ০
রিয়াদের সঙ্গে ফের ফ্লাইট চালুর ঘোষণা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘর্ষের কারণে দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি রিয়াদে ফের ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করবে। রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে পরিচালিত হবে।

জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট গত রবিবার থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লিখিত রুটসমূহে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান। টিকিট কেনা, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy