Facebook Twitter Instagram YouTube

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ / ০
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার কিছু সময় পর ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এই চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জ্বালানিবাহী এই গাড়িবহরটি রূপপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পুরো যাত্রাপথেই ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। সেনাবাহিনী ছাড়াও পুলিশ, এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং কাজের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি—সব মিলিয়ে মোট ৯টি চালানে এই জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সবকটি চালান সফলভাবে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা আশা করছেন, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh