Facebook Twitter Instagram YouTube

মুসলিম জাতির ঘুরে দাঁড়ানোর সময় শুরু: মুফতি কাজী ইব্রাহিম


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ / ০
মুসলিম জাতির ঘুরে দাঁড়ানোর সময় শুরু: মুফতি কাজী ইব্রাহিম

বিশিষ্ট ইসলামিক স্কলার ও শাইখুল হাদিস মুফতি কাজী ইব্রাহিম সম্প্রতি মন্তব্য করেছেন যে, মুসলিম উম্মাহর দুর্ভাগ্যের শতাব্দী পেরিয়ে এখন ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, দীর্ঘ ১০০ বছরের চক্র শেষে মুসলিম জাতি সামনের দিকে এগিয়ে যাবে। এর বিপরীতে দাঁড়িয়ে অমুসলিমরা যত বাধা সৃষ্টির চেষ্টা বা বিরোধিতা করবে, তাদের ক্ষতি তত বেশি হবে।

ইনোভা টকসের একটি পডকাস্টে অংশ নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপট, উম্মাহর উত্থান-পতন ও ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে মুফতি কাজী ইব্রাহিম এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯২৪ সালে খেলাফতের অবসানের মধ্য দিয়ে মুসলিমদের জন্য যে দুর্যোগ ও দুর্ভাগ্যের শতাব্দীর সূচনা হয়েছিল, ২০২৪ সালে এসে তার ১০০ বছর পূর্ণ হয়েছে।

হাদিসের আলোকে প্রতি শতাব্দীতে দ্বীন ও জাতির সংস্কারের বিষয়টি তুলে ধরে তিনি দাবি করেন, আরবি ও ইংরেজি শতবর্ষের চক্র শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতি ও ভূ-রাজনীতিতে মুসলিমদের অনুকূলে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, অতীত শতাব্দীতে মুসলিম উম্মাহ নানা নিপীড়ন ও ধ্বংসযজ্ঞের শিকার হলেও নতুন শতাব্দীতে তাদের সৌভাগ্যের দিন ফিরে আসছে।

এই প্রেক্ষাপট তুলে ধরে মুফতি কাজী ইব্রাহিম বলেন, ‘এখন মুসলিমরা দিন দিন এগিয়ে যাবে। অমুসলিমরা যত লাফালাফি করবে, তাদের তত বেশি লস (ক্ষতি) হবে। বরং তাদের জন্য কল্যাণকর হবে যদি তারা মুসলিমদের সাথে সমঝোতা বা সহাবস্থান বজায় রেখে চলে।’ এছাড়া ফিলিস্তিনসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি। উক্ত অনুষ্ঠানে সমসাময়িক বিজ্ঞান, কোরআন-হাদিসের সমন্বয়, আধুনিক সভ্যতা ও ইসলামের ভবিষ্যৎ নিয়েও বিস্তারিত আলোচনা করেন এই আলোচক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh