ক্যামেরার সামনে কিংবা রাজনৈতিক মঞ্চ—বেশির ভাগ সময় শাড়ি, গলায় হার এবং সিঁথিতে সিঁদুর পরা রূপেই দেখা যায় পশ্চিমবঙ্গের সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক ও গুণী অভিনেত্রী রূপা গাঙ্গুলিকে। ১৯৯২ সালে পেশায় মেকানিক্যাল প্রকৌশলী ধ্রুব মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০০৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ সময় আগে সংসার ভাঙলেও রূপা গাঙ্গুলি কেন আজও সিঁথিতে সিঁদুর পরেন, তা নিয়ে অনুরাগী ও নেটিজেনদের মধ্যে কৌতুহল বহুদিনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আলোচনার জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত সাক্ষাৎকারে রূপা গাঙ্গুলি জানান, কুরুক্ষেত্র থেকে আনা মা ভদ্রকালীর নামেই তিনি নিয়মিত সিঁদুর পরেন। কারও প্রশ্নের মুখে পড়ার বিষয়টিকে আমল না দিয়ে তিনি বলেন, ‘আমি তো বিধবা নই, কেন সিঁদুর পরব না? আমি রূপা গাঙ্গুলি বিধবা হয়ে গেলেও সিঁদুর পরব। বেশ করি। আমি কুরুক্ষেত্র থেকে আনা মা ভদ্রকালীর নামে সিঁদুর পরি। আমার ভালো লাগে সিঁদুর পরতে, তাই পরি। ইচ্ছা করে পরি।’
নিজের ব্যক্তিগত পছন্দের বিষয়ে কাউকে কৈফিয়ত দেবেন না উল্লেখ করে রূপা আরও যোগ করেন, ‘কাউকে জবাব দেব না। আমি কেন সিঁদুর পরি, কার জন্য পরি। আমি কি বিধবা? আর বিধবা হলেই বা কেন সিঁদুর পরবে না। আমি আমার মাকে জোর করে লাল টিপ পরাতাম বাবা চলে যাওয়ার পরেও। সুন্দর লাগে মেয়েদের শাড়ির সঙ্গে একটা লাল টিপ। কেন পরবে না? আমাদের মায়েরা সিঁদুর পরত না, আমি ওসব কেয়ার করি না। আমি সিঁদুর পরব ব্যস! কাউকে জবাব দেব না।’
এর আগেও নিজের ভেঙে যাওয়া সংসার ও অভিনয়জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন রূপা। একটি সুখী গৃহকোণের প্রত্যাশায় তিনি নিজের অভিনয়ের ক্যারিয়ারেও নানা সমঝোতা করেছিলেন বলে জানান। সংসারের স্বার্থে তিনি সকাল ৯টার আগে কিংবা রাত ১০টার পর কখনোই শুটিংয়ের সময়সূচি রাখতেন না। কাজ শেষ হওয়ামাত্রই বাড়তি সময় নষ্ট না করে বাড়ি ফিরে যেতেন। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে এবং সুখী সংসার গড়ে তুলতে একটি মেয়ের পক্ষে যা যা করা সম্ভব, তিনি তার সবটুকু করেছিলেন বলে দাবি করলেও শেষ পর্যন্ত ২০০৭ সালে বিচ্ছেদই তাদের নিয়তি হয়ে দাঁড়ায়।
আপনার মতামত লিখুন :