
ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন চিত্রনায়িকা পরীমণি। অপু বিশ্বাস তার বক্তব্যে দাবি করেছিলেন যে, লাইভে কোনো পণ্যের প্রচার করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান না। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পরীমণি প্রথমে অপু বিশ্বাসকে নিজের বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন। তিনি লাইভে পণ্যের প্রচার করা কোনো ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার দাবির বিষয়ে প্রশ্ন তোলেন।
পরবর্তীতে এই বিতর্ক ব্যক্তিগত কটাক্ষে রূপ নেয়। পরীমণি অপু বিশ্বাসের চিন্তাভাবনাকে ‘বোরিং’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাকে নিয়ে ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করেন। পাশাপাশি নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরির বিষয়েও মন্তব্য করেন তিনি।
গতকাল রোববার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হলে অপু বিশ্বাস এই বিতর্কের বিষয়ে তার প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, পরীমণির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। অপু বিশ্বাস বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে অপু বিশ্বাস জানান, তিনি নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না। শুধুমাত্র পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে তিনি মন্তব্য করেন। তাকে নিয়ে অন্যদের স্ট্যাটাস দেওয়ার উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তুলে বলেন, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
উল্লেখ্য যে, গত বছরের সেপ্টেম্বরেও কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশগ্রহণ নিয়ে পরীমণির একটি পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় পরীমণি নাম উল্লেখ না করলেও ‘৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’ মন্তব্য করে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেছিলেন।
আপনার মতামত লিখুন :