Facebook Twitter Instagram YouTube

টাক্সেডো পরা নতুন ছবিতে জেমস বন্ড চরিত্রে হৃতিককে দেখছেন ভক্তরা


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ / ০
টাক্সেডো পরা নতুন ছবিতে জেমস বন্ড চরিত্রে হৃতিককে দেখছেন ভক্তরা

সামাজিক যোগাযোগমাধ্যমে টাক্সেডো পরা নতুন কিছু ছবি পোস্ট করার পর থেকেই বলিউড তারকা হৃতিক রোশনকে ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জেমস বন্ড জল্পনা। মার্জিত পোশাকের এই ছবিতে তাকে দেখে অনেকেরই ধারণা, গোপনচর ০০৭ চরিত্রে অভিনয় করার জন্য উপযুক্ত পছন্দ হতে পারেন হৃতিক। লেখক ইয়ান ফ্লেমিংয়ের তৈরি কাল্পনিক এই গোয়েন্দা চরিত্রটির সঙ্গে টাক্সেডোর সম্পর্ক বেশ পুরনো। বড় পর্দায় শন কনারি থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেগের মতো তারকা অভিনেতারা বিভিন্ন সময়ে এই চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন।

বর্তমানে পরবর্তী জেমস বন্ড নির্বাচনের জন্য একাধিক অভিনেতার অডিশন প্রক্রিয়া চালাচ্ছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। এমন আলোচনার মাঝেই বুধবার হৃতিক নিজের সামাজিক মাধ্যমে টাক্সেডো পরা ছবিগুলো ভক্তদের সামনে আনেন। ছবিগুলো প্রকাশ্যে আসার পর ভারতীয় ভক্তদের একাংশ দাবি তুলেছেন, হৃতিকের ব্যক্তিত্ব, পর্দায় উপস্থিতি এবং মার্জিত স্টাইল এই চরিত্রের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এমনকি কেউ কেউ মনে করছেন, এর মাধ্যমে হলিউড নির্মাতাদের কাছে নিজের আগ্রহের ইঙ্গিতই দিয়েছেন এই অভিনেতা। তবে এ বিষয়ে হৃতিক রোশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ছবিগুলোর মন্তব্যের ঘরে ভক্তরা নিজেদের নানা প্রত্যাশার কথা জানিয়েছেন। এক ভক্ত মন্তব্য করেন, যদি তারা ভারতীয় বংশোদ্ভূত কাউকে জেমস বন্ড হিসেবে মেনে নিত! আরেকজন লিখেছেন, হৃতিককে দেখতে গ্রিক দেবতার মতো এবং তিনি আশা করেন হৃতিক এই ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। যদিও যুক্তরাজ্যের বাইরের কোনো অভিনেতাকে এই চরিত্রে বেছে নেওয়া হবে কি না, তা নিয়ে বড় সংশয় রয়েছে। কারণ এখন পর্যন্ত অডিশনে অংশ নেওয়া সব অভিনেতাই যুক্তরাজ্যের বলে জানা গেছে। প্রচলিত ধারার বাইরে গিয়ে অ্যামাজন এমজিএম স্টুডিওস কোনো নতুন সিদ্ধান্ত নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

জেমস বন্ড আলোচনার পাশাপাশি হৃতিকের নতুন শারীরিক গঠন নিয়েও চর্চা চলছে। নতুন ছবিতে তাকে আগের চেয়ে কিছুটা ছিপছিপে মনে হওয়ায় অনেক অনুরাগী তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে দীর্ঘদিন পর প্রিয় তারকাকে নতুন কোনো চলচ্চিত্রে প্রধান চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। উল্লেখ্য, গত বছরের আগস্টে মুক্তি পাওয়া ‘ওয়ার ২’ সিনেমার পর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা কোনো ছবি প্রেক্ষাগৃহে আসেনি হৃতিকের। তবে পরবর্তী সময়ে ‘আলফা’ ও ‘জেলার ২’ চলচ্চিত্রে ছোট বা ক্যামিও চরিত্রে তার উপস্থিতি থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh