
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’ অবলম্বনে একটি পূর্ণদৈর্ঘ্য তেলুগু চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে চলচ্চিত্রটির প্রাথমিক নির্মাণ ব্যয়ের জন্য দুই কোটি রুপি অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে আয়োজিত কংগ্রেস কর্মীদের এক সভায় তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জাগ্গা রেড্ডি এই ঘোষণা দেন।
চলচ্চিত্রটির প্রাথমিক নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন জাগ্গা রেড্ডি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের জন্য যেভাবে অর্থ ব্যয় করা হয়, এটিকে ঠিক সে ধরনের একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে অর্থ সংগ্রহের পাশাপাশি একজন দক্ষ পরিচালক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জাগ্গা রেড্ডি সোনিয়া গান্ধীর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর পি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন সোনিয়া গান্ধী নিজে ওই পদে যাওয়ার কোনো চেষ্টা করেননি। পরবর্তীতে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকার গঠনের সময়ও কংগ্রেস নেতারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার পক্ষে অবস্থান নেন। জাগ্গা রেড্ডি সোনিয়া গান্ধীর এই সিদ্ধান্তকে তার রাজনৈতিক জীবনের এক ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন।
নির্মীয়মাণ এই চলচ্চিত্রে সোনিয়া গান্ধীর জীবনের বিভিন্ন পর্যায় ফুটিয়ে তোলা হবে। এতে গান্ধী পরিবারের সঙ্গে তার সম্পর্ক, ভারতের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠার গল্প, ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, রাজীব গান্ধীর স্ত্রী এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মা হিসেবে তার জীবনের নানা দিক তুলে ধরা হবে।
আপনার মতামত লিখুন :