
বাংলাদেশসহ মোট সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ই-ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় আলাদাভাবে ভিসার আবেদন করা কিংবা সৌদি দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মূলত একটি ট্রাভেল প্যাকেজ বুকিংয়ের মাধ্যমেই বিমান টিকিট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক পর্যটক ভিসা (ই-ভিসা) প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। গত ১০ জুলাই গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রাথমিকভাবে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাচ্ছেন। এই কর্মসূচির মূল সুবিধা হলো ওয়ান-স্টপ সলিউশন। সৌদি সরকারের অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে রিটার্ন ফ্লাইটের টিকিট এবং হোটেল বুক করার সময় এই প্যাকেজের ভেতরে স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা ও ভ্রমণ বিমা যুক্ত হয়ে যায়। অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্যাকেজটি কেনার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হয় এবং ইমেইলের মাধ্যমে ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র আবেদনকারীর কাছে পাঠিয়ে দেওয়া হয়।
প্রাথমিক পর্যায়ে এই পরিষেবা প্রদানের জন্য সৌদি সরকার ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’ নামের দুটি ট্রাভেল এজেন্সিকে লাইসেন্স দিয়েছে। এই প্যাকেজের অধীনে সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে, যার মেয়াদ থাকবে ৩ মাস। এই ভিসায় সৌদি আরবে সর্বনিম্ন ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। তবে শর্ত হিসেবে প্যাকেজ বুকিংয়ের সময় নিশ্চিত রিটার্ন ফ্লাইটের টিকিট এবং পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত অন্তত ফোর-স্টার মানের হোটেল বুকিং থাকতে হবে।
খরচের বিষয়ে জানানো হয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৪,০০০ সৌদি রিয়াল এবং এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য ১,০০০ সৌদি রিয়াল করে যোগ হবে। এছাড়া ভিসা প্রসেসিং ও ভ্রমণ বীমাসহ ভিসা ফি বাবদ ৪০২.২১ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন বিনোদনমূলক ইভেন্টের টিকিটও যুক্ত করতে পারেন।
সৌদির পর্যটন মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এই প্যাকেজগুলোতে সরাসরি মক্কা ও মদিনার ওমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নেই। তবে এই ই-ভিসা নিয়ে সৌদি আরবে পৌঁছানোর পর বাংলাদেশি পর্যটকেরা মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন। ফ্লাইট বা হোটেল বুকিং বাতিলের ক্ষেত্রে অর্থ ফেরত এবং বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর নিজস্ব নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
আপনার মতামত লিখুন :