
সৃজনশীল সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত করার লক্ষ্যে উদয় জনকল্যাণ সংস্থার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘উদয় কাব্যসন্ধ্যা’ ও সাহিত্য আড্ডা। গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ঢাকার সাইনবোর্ড এলাকার আলম’স রেস্তোরাঁয় এই সাহিত্য আয়োজনটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে দেশের বরেণ্য কবিরা অংশগ্রহণ করেন এবং তাঁদের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে কবিতার ছন্দ, শব্দ ও ভাবনার এক নান্দনিক মেলবন্ধন তৈরি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয় জনকল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জি. ছলিম দুলাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শাহীদুল ইসলাম চৌধুরী। সাবেক অতিরিক্ত ডিআইজি সরদার তমিজউদদীন আহমেদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরামুল হক সেলিম, নিজাম উদ্দিন এবং শ্রী জোটন নাথ।
আমন্ত্রিত কবিরা কবিতা আবৃত্তির মাধ্যমে সমাজ, মানবতা, প্রেম, প্রকৃতি ও জীবনের নানা গভীর অনুভূতি ফুটিয়ে তোলেন। সাহিত্যপ্রেমী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় রূপ নেয়। বক্তারা তাদের বক্তব্যে সমাজে সাহিত্যচর্চার প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংস্থার অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন করিম, সম্পাদক উদয়ন আইএফএম সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খাঁন জিকু, প্রতিষ্ঠাতা সদস্য দিদারুল আলম, উপদেষ্টা মো. সেলিম উদ্দিন ও আলাউদ্দিন, অর্থ সম্পাদক এসআই আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন ও আইটি সম্পাদক শেখ ফরিদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় সাহিত্যপ্রেমীরা।
উল্লেখ্য, ২০১১ সালে চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতিষ্ঠিত উদয় জনকল্যাণ সংস্থা দীর্ঘ সময় ধরে দেশজুড়ে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্থাটি নিয়মিত সাহিত্যচর্চার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রোজাদারদের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ, বন্যার্তদের সহায়তা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতাসহ নানা জনকল্যাণমূলক কাজ করে থাকে।
আপনার মতামত লিখুন :