Facebook Twitter Instagram YouTube

শাকিবের সিনেমায় অভিনয়ের ভুয়া প্রস্তাব, সতর্ক করলেন রেদওয়ান রনি


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ / ০
শাকিবের সিনেমায় অভিনয়ের ভুয়া প্রস্তাব, সতর্ক করলেন রেদওয়ান রনি

ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমায় অভিনয়ের প্রলোভন দেখিয়ে শিশুশিল্পী দিশামনির পরিবারের সঙ্গে প্রতারণার চেষ্টার ঘটনা সামনে এসেছে। নির্মাতা ও প্রযোজক রেদওয়ান রনি এবং মডেল বুলবুল টুম্পার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে এই অসৎ তৎপরতা চালানো হয়। বিষয়টি প্রকাশ পাওয়ার পর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রেদওয়ান রনি।

ভুক্তভোগী শিশুশিল্পী দিশামনির অভিভাবক রিমা আক্তার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এই প্রতারণার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, প্রথমে বুলবুল টুম্পার পরিচয় দিয়ে তার কাছে একটি বার্তা পাঠানো হয়। সেখানে দাবি করা হয়, শাকিব খানকে নিয়ে রেদওয়ান রনি ‘তূর্য’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রের জন্য দিশামনিকে নির্বাচন করা হয়েছে। ওই বার্তায় বিষয়টি নিয়ে কথা বলতে রেদওয়ান রনির নাম ও পরিচয় দিয়ে একটি ফোন নম্বরও সরবরাহ করা হয়।

ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে রিমা আক্তার রসিকতা করে বলেন, তাকে কথিত ওই পরিচালকের সঙ্গে খুব নরম সুরে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছিল। পরবর্তীতে রেদওয়ান রনির নাম ব্যবহার করে মুঠোবার্তায় ও ফোনে যোগাযোগ করেন কথিত ওই নির্মাতা। তিনি জানান আগামী ডিসেম্বরেই ছবির শুটিং শুরু হবে। তবে কথোপকথনের একপর্যায়ে রিমার সন্দেহ জাগে। একটি অপরিচিত মেয়ের ছবি পাঠিয়ে সিনেমার অভিনেত্রী নির্বাচনের বিষয়ে রিমার কাছে পরামর্শ চাইলে সন্দেহ আরও ঘনীভূত হয়। একজন প্রতিষ্ঠিত পরিচালক কেন একজন অভিভাবকের কাছে অভিনয়শিল্পী বাছাইয়ের মতামতের জন্য ফোন করবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর রিমা ও তার এক সহকর্মী নানা প্রশ্ন করতে শুরু করলে সুযোগ বুঝে সংযোগ কেটে দেয় ভুয়া পরিচালক।

সন্দেহ নিরসনে রিমা আক্তার সরাসরি মডেল বুলবুল টুম্পার সঙ্গে যোগাযোগ করেন। তখন টুম্পা নিশ্চিত করেন যে ব্যবহৃত নম্বরটি তার নয়। এরপর পরিচিত ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে গণমাধ্যম অঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার এই অপচেষ্টা নিয়ে সবাইকে সতর্ক করে সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করেন রিমা।

বিষয়টি নজরে আসার পর রিমার প্রকাশ করা সতর্কতামূলক ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন রেদওয়ান রনি। নিজের ছবি ও ভুয়া প্রোফাইল ব্যবহার করে চলা এই প্রতারণার বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে রনি লেখেন, বেশ কিছুদিন ধরে তার ছবি ব্যবহার করে ভুয়া নম্বর ও প্রোফাইল থেকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হচ্ছে। এর আগেও এমন দুইজন প্রতারককে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এবারও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

প্রতারণা এড়াতে নিজের ব্যক্তিগত ফোন নম্বরটি প্রকাশ করে রনি জানান, তিনি শুধুমাত্র একটি নির্দিষ্ট নম্বর (+৮৮০১৭**৬৫**৮৫) ব্যবহার করে থাকেন। পরিচিত বা অপরিচিত কেউ তার পরিচয়ে যোগাযোগ করলে নম্বরটির সিরিজ মিলিয়ে দেখার পাশাপাশি তার অফিশিয়াল ভেরিফাইড সামাজিক মাধ্যমের প্রোফাইল ছাড়া অন্য কোথাও যোগাযোগ না করার অনুরোধ জানান এই নির্মাতা। একই সঙ্গে তিনি নিজের অফিশিয়াল প্রোফাইলের লিংকও যুক্ত করে দেন।

শাকিব খানের সিনেমায় অভিনয়ের লোভ দেখিয়ে শুরু হওয়া এই প্রতারণার বিষয়ে এখন পর্যন্ত মডেল বুলবুল টুম্পার আলাদা কোনো মন্তব্য বা পোস্ট দেখা যায়নি। তবে এই ঘটনাটি বিনোদন জগতে কাজ পাওয়ার যেকোনো প্রস্তাব পেলেই চোখ বুজে বিশ্বাস না করার বিষয়টি আবার মনে করিয়ে দিয়েছে। যেকোনো যোগাযোগের সত্যতা যাচাই না করে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy