
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণার কাজে। অভিনেত্রীদের মধ্যে অনেক জনপ্রিয় জয়া আহসান৷ ঢাকার পাশাপাশি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। শুক্রবার পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর সিকুয়েল এটি। নতুন সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত প্রচার-প্রচারণা, গণমাধ্যমে সাক্ষাৎকারসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।
নতুন সিনেমা নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে জয়া আহসান কলকাতা গণমাধ্যমে বলেন, নতুন সিনেমা নিয়ে খুব ভালো সময় কাটছে। এতদিন সিনেমাটি ছিল আমাদের, কিন্তু আজ থেকে এটি দর্শকদের। আশা করছি, তারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং ভালোবাসায় সিক্ত করবেন। মুক্তির প্রথম দিনেই বেশ কয়েকটি হলে দর্শকদের ভালো সাড়া পাওয়ার খবর তাকে আনন্দিত করেছে। তিনি জানান, কিছু হলে হাউজফুল যাওয়ার খবর পেয়েছেন এবং দর্শক এভাবেই ভালোবাসা দেবেন বলে প্রত্যাশা করছেন। তিনি আরও বলেন, গল্পটা খুব সুন্দর এবং কৌশিকদা ভীষণ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমরা যারা অভিনয় করেছি, সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।
প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করার বিষয়ে জয়া জানান, প্রচারের কাজে সময় দিলেও সব হলে যাওয়া সম্ভব না হলেও কয়েকটি হলে অবশ্যই তিনি যাবেন। এছাড়া প্রিমিয়ার শোতে তার উপস্থিতি নিশ্চিত। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের টানাপড়েন আর মানবিক আবেগের গল্প নিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। সেই গল্পেরই নতুন অধ্যায় ‘আজও অর্ধাঙ্গিনী’, যেখানে সম্পর্কের জটিলতা, ভালোবাসা, বিচ্ছেদ ও জীবনের নানা অনুভূতির চিত্র ফুটে উঠেছে। জয়া বিশ্বাস করেন, দর্শক এই সিনেমাটিও পছন্দ করবেন এবং তাদের মন ছুঁয়ে যাবে।
নতুন এই সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে মেঘনা চরিত্রে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জয়া অভিনীত ‘ওসিডি’ এবং তারও আগে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। নতুন সিনেমার ট্রেলারও ইতিবাচক সাড়া পাওয়ায় সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
আপনার মতামত লিখুন :